তথ্য নিয়ন্ত্রণ নয়, এখন প্রয়োজন ডিজিটাল দক্ষতা: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২৬, ০১:১৬ পিএম

তথ্য নিয়ন্ত্রণ নয়, এখন প্রয়োজন ডিজিটাল দক্ষতা: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে তথ্য নিয়ন্ত্রণ করে রাখার সুযোগ আর নেই। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বাস্তবতায় জনসংযোগ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ও তথ্যপ্রবাহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।

রোববার রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এখনকার তথ্যব্যবস্থা আগের মতো সীমাবদ্ধ নেই। তথ্য খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তাই জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকোসিস্টেম এবং জনমতের গতিপ্রকৃতি বুঝে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের জন্য যেসব সেবা ও উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছানোই জনসংযোগ কর্মকর্তাদের বড় দায়িত্ব। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে তথ্য ক্যাডারে তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন। আধুনিক জনসংযোগ ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে দক্ষ জনবল তৈরি করা জরুরি। কারণ এখন সবাই এক ধরনের ‘পারসেপশন ম্যানেজমেন্ট’-এর প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফ্যাক্ট-চেকিং কার্যক্রমেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ জনগণের সামনে তুলে ধরতে জনসংযোগ কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি সরকারি অঙ্গীকার ও পরিকল্পনা সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Link copied!