জুলাই ২৪, ২০২৬, ১২:৪৫ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন—এমন খবরের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ (শুক্রবার) দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলে জানা গেছে।
এর আগে বঙ্গভবনের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, স্পিকার দেশে না থাকায় রাষ্ট্রপতি এখনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। স্পিকার দেশে ফিরলে তাঁর কাছে পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতি।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত পত্র স্পিকারের উদ্দেশে পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারকে সশরীরে উপস্থিত থাকতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা সংবিধানে নেই। তবে রাষ্ট্রপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গেই তাঁর পদ শূন্য হয়ে যাবে এবং একই সঙ্গে স্পিকারকে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে।
এ কারণে স্পিকার দেশে ফেরার পর একটি সময় নির্ধারণ করে রাষ্ট্রপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।