বৃষ্টি-বন্যার প্রভাবে সবজির বাজারে আগুন, শসার কেজি ২০০ টাকা!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ১২:৩৬ পিএম

বৃষ্টি-বন্যার প্রভাবে সবজির বাজারে আগুন, শসার কেজি ২০০ টাকা!

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যার প্রভাবে জনজীবনের পাশাপাশি রাজধানীর কাঁচাবাজারেও পড়েছে নেতিবাচক প্রভাব। জলাবদ্ধতা ও সরবরাহ সংকটের কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে বেড়েছে ডিম ও মাছের দাম। তবে মুরগির বাজারে রয়েছে কিছুটা স্থিতিশীলতা।

আজ (শুক্রবার) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে সময়মতো রাজধানীতে সবজি পৌঁছাতে পারেনি। ফলে সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কেজিপ্রতি বিভিন্ন সবজির দামে ৪০ থেকে ৬০ টাকারও বেশি বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ থেকে ১৬০ টাকায়। কোথাও কোথাও এর দাম ১৮০ টাকারও বেশি। এছাড়া শসা ২০০ টাকা, গাজর ১৬০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, বেগুন ১২০ টাকা এবং কাঁকরোল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, গত সপ্তাহের তুলনায় অনেক সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। সবজির বাড়তি দামে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

অন্যদিকে মুরগির বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়, ব্রয়লার ১৮০ টাকা এবং লেয়ার ৩৪০ থেকে ৩৫০ টাকায়। বিক্রেতারা জানান, সরবরাহ ও চাহিদা স্বাভাবিক থাকায় এ বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে।

তবে ডিমের বাজারে আবারও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। এছাড়া প্রতি ডজনে ১০ টাকা বেড়ে সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

এদিকে মাছের বাজারেও দাম বেড়েছে। বর্তমানে রুই মাছ বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০ টাকা, কাতলা ৩২০ থেকে ৩৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ টাকা, চাষের কৈ ১৮০ থেকে ২০০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে। মাছ বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে মাছ পরিবহন ও সরবরাহে কিছুটা সমস্যা হওয়ায় কয়েকটি প্রজাতির মাছের দাম বেড়েছে।

Link copied!