নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৩:৪৮ পিএম

নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে চার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং বিল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া (১০)। নিহত চারজনই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় অবস্থিত গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিফিনের ছুটি হলে ছয় শিশু শিক্ষার্থী মাদরাসার পাশের একটি বিলে গোসল করতে নামে।

এ সময় এক শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারে পরপর পাঁচ শিশু পানিতে নামে। পরে তাদের মধ্যে আরও তিন শিশু পানিতে ডুবে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার করা তিন শিশুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আরও এক শিশুর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে ওই শিশুর পরিচয় জানা যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‍‍`পানিতে ডুবে ৩ শিশু নিহতের খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনের মরদেহ পেয়েছি। শুনেছি আরো ১ জনের মৃত্যু হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।‍‍`

Link copied!