৩০০ মিলিয়ন ডলারের কেলেঙ্কারিতে আর্জেন্টিনা, তদন্তে এফবিআই

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৬:৫০ পিএম

৩০০ মিলিয়ন ডলারের কেলেঙ্কারিতে আর্জেন্টিনা, তদন্তে এফবিআই

ছবি: মার্কা

বিশ্বকাপে মিশরের বিপক্ষে বিতর্কিত জয় নিয়ে যখন আর্জেন্টিনাকে ঘিরে চলছে তুমুল আলোচনা, ঠিক তখনই নতুন এক সংকটে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মাঠের বাইরের একটি আর্থিক লেনদেনের অভিযোগে এবার বড় ধরনের বিতর্কে জড়িয়েছে সংস্থাটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাতে আর্জেন্টিনার দৈনিক ‘লা নাসিওন’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে এএফএ’র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থাটি যুক্তরাষ্ট্রের মাটিতে কীভাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেন করেছে, তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা। তদন্তের মূল উদ্দেশ্য হলো—যুক্তরাষ্ট্রে অর্থপাচার, ব্যাংক জালিয়াতি বা অন্য কোনো আর্থিক অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণ করা।

তদন্তের কেন্দ্রে রয়েছে ‘ট্যুরপ্রোডএন্টার এলএলসি’ নামের একটি প্রতিষ্ঠান। গত কয়েক বছর ধরে এএফএ’র আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে পাওয়া অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি।

এফবিআইয়ের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের পাঁচটি বড় ব্যাংক—সিটিব্যাংক, সিনোভুস, ব্যাংক অব আমেরিকা, জেপি মরগান ও পিএনসি ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন ডলারের লেনদেন করা হয়েছে। এর মধ্যে ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যাদের কোনো বাস্তব অস্তিত্ব বা বৈধ পরিচয় খুঁজে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই আর্থিক লেনদেনের বিষয়টি এখন ওয়াশিংটন ডিসি ও ফ্লোরিডার ফেডারেল প্রসিকিউটরদের নজরে রয়েছে। এএফএ’র আর্থিক অনিয়মের অভিযোগকারী ব্যবসায়ী গুইলারমো তোফোনি ইতোমধ্যে এফবিআইয়ের কাছে নিজের বক্তব্য দিয়েছেন।

এদিকে, এই রহস্যজনক আর্থিক লেনদেনের বিষয়ে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সাবেক কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানা গেছে।

Link copied!