ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে চার দিনের প্যারোলের জন্য আবেদন করা হয়েছিল।
এদিকে বাবার মরদেহ ঢাকায় রেখে মায়ের মুক্তির জন্য আজ (বুধবার) সকাল থেকেই মুন্সীগঞ্জে ছুটে বেড়ান দিপাবলি। জানা গেছে, দীপু মনির প্যারোলে মুক্তি পাওয়ার পরই তার স্বামীর মরদেহ দাফন করা হবে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। পরে কারাগার থেকে বের হয়ে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের কাছে আবেদন জমা দেওয়ার পর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
বর্তমানে সাবেক এই মন্ত্রী মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।