ছবি: সংগৃহীত
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গণপরিবহনে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) গোলাপি রঙের বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি পিংক বাস চলবে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস এই সেবায় যুক্ত হবে। পাশাপাশি আরও চারটি বাস বিশেষ এই সার্ভিসে যুক্ত করার কথা জানিয়েছে বিআরটিসি।
১. নতুনবাজার-মতিঝিল
কোকাকোলা, নতুনবাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।
২. তালতলা-মতিঝিল
তালতলা থেকে খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।
৩. ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও
ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত চলবে।
৪. মিরপুর-১০-মতিঝিল
মিরপুর-১০ থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।
৫. মিরপুর-১২-মতিঝিল
মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল।
৬. মিরপুর-১২-মতিঝিল
মিরপুর-১২ থেকে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।
৭. মোহাম্মদপুর-মতিঝিল
মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল যাবে বাস।
৮. আব্দুল্লাহপুর-মতিঝিল
আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।
৯. গাজীপুর-বিমানবন্দর
গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলবে।
১০. মিরপুর-মতিঝিল
প্রাথমিক পর্যায়ে নির্ধারিত আরও একটি বাস এই করিডরেও যুক্ত হওয়ার কথা রয়েছে।
রাজধানীর পাশাপাশি বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি পিংক বাস চলবে।
চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা হয়ে পতেঙ্গা পর্যন্ত যাতায়াত করবে।
বিআরটিসির আশা, নারীদের জন্য পৃথক এই বাস সার্ভিস চালুর ফলে গণপরিবহনে তাদের নিরাপত্তা ও যাতায়াতের স্বাচ্ছন্দ্য বাড়বে। একই সঙ্গে নারী চালক ও কন্ডাক্টরদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণও বাড়বে।