ছবি: সংগৃহীত
বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল জ্বলছে। গত শুক্রবার (১৪ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলের হাই ফেনস প্রকৃতি সংরক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়। মাত্র তিন দিনের মধ্যে আগুনে প্রায় ৩ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে।
এর আগে ২০১১ সালের দাবানলকে বেলজিয়ামের সবচেয়ে বড় দাবানল হিসেবে বিবেচনা করা হতো। ওই সময় প্রায় ১ হাজার ৪০০ হেক্টর এলাকা পুড়ে যায়। নতুন দাবানলে এরই মধ্যে আগের রেকর্ডের দ্বিগুণেরও বেশি এলাকা পুড়ে গেছে।
দাবানল নিয়ন্ত্রণে বেলজিয়ামের বিভিন্ন অঞ্চল থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় কৃষকেরাও কাজ করছেন। প্রতিবেশী জার্মানি ও লুক্সেমবার্গ থেকেও সহায়তা এসেছে। আগুন জার্মান সীমান্তের দিকে এগিয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
শুক্রবার পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার পর বেলজিয়াম সরকার জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের সব কর্মীকে দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করে। পরে সেনাবাহিনী ও স্থানীয় সাধারণ মানুষও আগুন নেভানোর কাজে যোগ দেন।
তবে প্রায় চার দিন ধরে চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রোববার বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র স্টেফানি এরনক্স জানান, শুষ্ক বাতাসের কারণে দাবানল ক্রমশ জার্মান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।
বেলজিয়ামের ফায়ার ব্রিগেডের ক্যাপ্টেন করিম বৌর্ফা রয়টার্সকে বলেছেন, ‘আমি কখনও কল্পনাও করতে পারিনি যে বেলজিয়ামে কখনও এত বড় মাত্রায় দাবানল হতে পারে। এখন এই দাবানল আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ভবিষ্যতেও এমন বিপর্যয় ঘন ঘন আসবে। এ কারণে আমাদের উচিত হবে বিপর্যয় মোকাবিলার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা।’
সূত্র: রয়টার্স