আগস্ট ১০, ২০২৬, ০১:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, ছবি: সংগৃহীত।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ৭০ শতাংশ। তবে এবার ফলাফল হয়েছে সম্পূর্ণ পরীক্ষার খাতা মূল্যায়নের ভিত্তিতে। ফলাফল প্রকাশে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রায় দুই দশকের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার দেখা গেছে। এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ কম।
ফলাফল উদ্বোধন করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের কারণেই এবার ফলাফলে এমন চিত্র এসেছে। কোনো শিক্ষার্থী ফলাফল নিয়ে অসন্তুষ্ট হলে নিয়ম অনুযায়ী তা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, একাদশ শ্রেণিতে এবার মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। এর বিপরীতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় ১১ লাখ শিক্ষার্থী। আগের নিয়মেই ফলাফলের ভিত্তিতে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন উত্তীর্ণ শিক্ষার্থীরা।