সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
রোববার দুপুরে ওই কারখানায় আগুন লাগে। নিহত বাংলাদেশিদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, দুজনের বাড়ি নাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীতে।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আবদুল জলিল, মজিদুল ও সাগর; নাটোরের শামিম ও সাব্বির এবং রাজশাহীর শ্যামল।
এ ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছে।