জেট ফুয়েলের দাম বাড়ল, রাত ১২টা থেকে কার্যকর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ০৭:১৯ পিএম

জেট ফুয়েলের দাম বাড়ল, রাত ১২টা থেকে কার্যকর

ফাইল ছবি

উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আজ (রোববার) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১.০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্য রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে জুলাই মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়।

চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও দাম বাড়ানো হয়।

এরপর মে মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।

জুন মাসে আবারও দাম কমিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। অর্থাৎ ওই সময় লিটারপ্রতি দাম কমানো হয়েছিল ১৫ টাকা ৬৭ পয়সা।

Link copied!