ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটারের উপর ৮ বছরের নিষেধাজ্ঞা আইসিসির

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০৬:১৯ পিএম

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটারের উপর ৮ বছরের নিষেধাজ্ঞা আইসিসির

ছবি: সংগৃহীত

ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে এসব অভিযোগের সংশ্লিষ্টতা রয়েছে।

তদন্ত চলাকালে গত বছরের নভেম্বরে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞাই পূর্ণাঙ্গ রায়ে আট বছরের শাস্তিতে রূপ নেয়। শাস্তির মেয়াদ কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে, যেদিন তাকে প্রথমবারের মতো সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আইসিসি জানায়, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আবুধাবি টি-টেন টুর্নামেন্টের জন্য আইসিসিকে নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ডিএসিও) হিসেবে নিয়োগ করেছিল। ওই তদন্তের ভিত্তিতেই রেড্ডির বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়।

ট্রাইব্যুনালের রায়ে রেড্ডিকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগ হলো, ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগের এক বা একাধিক ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা কিংবা ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্রে জড়িত থাকা।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, তিনি অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেছেন।

তৃতীয় অভিযোগ অনুযায়ী, দুর্নীতিবিরোধী তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে তদন্তসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছেন।

এই তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় রেড্ডিকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

Link copied!