দেয়াল ধসে প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ১২:১৭ পিএম

দেয়াল ধসে প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার

ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ভয়াবহ ঝড়ো বাতাসে দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক ফুটবলার তাসিও মাইয়া দোস সান্তোস। বুধবার সান্তা তেরেসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা শুরু হওয়া তীব্র ঝড়ো হাওয়ার মধ্যে একটি দেয়াল ধসে ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ও কয়েকজন মানুষের ওপর পড়ে। এতে ৪১ বছর বয়সী তাসিও মাইয়া দোস সান্তোস এবং তাঁর বন্ধু ভান্দ্রে কর্দেইরোর মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দেয়াল ধসে পড়ার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে আরও কয়েকজন পথচারী হেঁটে যাচ্ছিলেন, যাদের মধ্যে অন্তত একজন শিশু ছিল। দেয়াল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। পরে ধুলোর মেঘে পুরো এলাকা ঢেকে যায়।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবো জানিয়েছে, তাসিও মাইয়া ও তাঁর বন্ধু ছাড়াও এ দুর্ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন।

সেন্টার ফরোয়ার্ড হিসেবে পরিচিত তাসিও সাও ক্রিস্তোভাও ক্লাবের একাডেমি থেকে উঠে আসেন। ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি পেশাদার ফুটবলার হিসেবে খেলেছেন। ক্যারিয়ারে রিও ডি জেনেইরোর বেশ কয়েকটি ক্লাবের জার্সি গায়ে খেললেও ২০১৫ সালে বোতাফোগোতে যোগ দেওয়ার পর তিনি বেশি পরিচিতি পান।

বোতাফোগোর হয়ে ৬ ম্যাচে একটি গোল করেছিলেন তাসিও। তাঁর আকস্মিক মৃত্যুতে ব্রাজিলের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!