ছবি: আল জাজিরা
ইরানে সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর বরাতে এ তথ্য জানানো হয়েছে।
পিএমএফ জানিয়েছে, হতাহতের এই সংখ্যা প্রাথমিক হিসাব। তবে পরিস্থিতি পর্যালোচনার পর নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা—ইরাকের এই সাতটি প্রদেশে তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।
অন্যদিকে, সৌদি আরব দাবি করেছে, নিজেদের ভূখণ্ডে চালানো ড্রোন হামলার জবাব হিসেবেই এই পাল্টা হামলা পরিচালনা করা হয়েছে।