জুলাই ২৮, ২০২৬, ০১:২৪ পিএম
ছবি: সংগৃহীত
বেবি পাউডারসহ অন্যান্য ট্যালকম পণ্য ডিম্বাশয়ের ক্যানসারের জন্য দায়ী—এমন অভিযোগে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে করা প্রায় ৭৬ হাজার মামলা নিষ্পত্তিতে আনুমানিক ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ও প্রসাধন সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটি দীর্ঘ এক দশকের আইনি বিরোধের অবসানে এ সমঝোতায় পৌঁছায়। ঐতিহাসিক এই চুক্তির মাধ্যমে ট্যালকম পণ্য নিয়ে চলা বড় ধরনের আইনি জটিলতার সমাধান হতে যাচ্ছে।
নিউজার্সির ফেডারেল আদালত ও রাজ্য আদালতে বিচারাধীন প্রায় সব বিদ্যমান দাবি এই চুক্তির আওতায় আসবে। তবে চুক্তিটি চূড়ান্ত করতে রাজ্য বা ফেডারেল আদালতের অন্তত ৯৫ শতাংশ আবেদনকারীর সম্মতি প্রয়োজন হবে।
প্রতিষ্ঠানটির লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস জানিয়েছেন, অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ হলেও দীর্ঘ আইনি লড়াইয়ের ইতি টেনে ব্যবসায় মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তারা এই সমঝোতার সিদ্ধান্ত নিয়েছেন।
চুক্তি অনুযায়ী, ২০২৭ সালে ৩ বিলিয়ন ডলার এবং ২০২৮ সালে বাকি অর্থ পরিশোধ করা হবে। তবে আবেদনকারীর সংখ্যা বিবেচনায় মোট অর্থের পরিমাণ ৭ বিলিয়ন ডলার বা তারও বেশি হতে পারে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ক্রিস সিগার।
জনসন অ্যান্ড জনসন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের ট্যালকভিত্তিক পণ্য নিরাপদ এবং এতে ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টস নেই। তবে ২০২০ সালে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে ট্যালকভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে কর্নস্টার্চভিত্তিক পণ্য চালু করে।
এর আগে দেউলিয়া সুরক্ষার আবেদন ব্যবহার করে মামলা নিষ্পত্তির চেষ্টা করেছিল জনসন অ্যান্ড জনসন, তবে সেই উদ্যোগ ব্যর্থ হওয়ার পর পুনরায় সচল হওয়া মামলাগুলোর প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি এই বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে।
সূত্র: রয়টার্স