স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০২:০৪ পিএম

স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

ছবি: এপি

স্পেনের রাজধানী মাদ্রিদ ও আভিলা প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এ জরুরি ব্যবস্থা নেয়।

দাবানল নিয়ন্ত্রণ ও দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সামরিক জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে। মাদ্রিদ অঞ্চলে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোরে মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো শহরের ৩ হাজার ৫০০ বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

আভিলা প্রদেশে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বুরগোহোন্দো, এল তিয়েমব্লো ও নাভালুয়েঙ্গা এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া এল তিয়েমব্লোর একটি পর্যটন কেন্দ্র ও একটি আবাসন প্রকল্প থেকে আরও ১ হাজার ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির সবচেয়ে বড় দাবানলটি ছড়িয়ে পড়েছে গুয়াদালাহারা প্রদেশে, যা রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আগুনে এখন পর্যন্ত প্রায় ৩২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে সরকার সব ধরনের সম্পদ ব্যবহার করছে। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্পেনে প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। গত বছর পুরো বছরে পুড়েছিল ৩ লাখ ৯৩ হাজার হেক্টর এলাকা।

Link copied!