মোদির আশ্বাসের পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০১:২০ পিএম

মোদির আশ্বাসের পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে, তাদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর অবশেষে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ (বৃহস্পতিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশের তরুণদের উদ্দেশে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে তিনি জানান, এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

পোস্টে মোদি লেখেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।’

তিনি বলেন, ‘প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

মোদি আরও বলেন, ‘প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের নেওয়া ধারাবাহিক পদক্ষেপগুলোরই একটি অংশ এই উদ্যোগ।’

এছাড়া তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক পদক্ষেপের এটি একটি অংশ। যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এদিকে, প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের অবস্থানে অনড় রয়েছে। দলটি আবারও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে। এনডিটিভির সূত্রে জানা গেছে, সিজেপির দাবি—ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

সূত্র: এনডিটিভি

Link copied!