সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৮ জন। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় মার্কিন হামলার পর এই হতাহতের ঘটনা ঘটে।
হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, দক্ষিণাঞ্চলের কুহেস্তাক এলাকায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই সময় মার্কিন হামলা হলে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দক্ষিণ উপকূলীয় এলাকায় কয়েকটি বেসামরিক স্থাপনার পাশাপাশি একটি বেসামরিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, এসব ঘটনার ‘শাস্তি হবে’।
তবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, বেসামরিক হতাহতের খবর সম্পর্কে তারা অবগত। তবে এসব তথ্য ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
হকিন্সের ভাষ্য, আইআরজিসির মতো নয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না।
সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন বাহিনীর ওপর হামলার চেষ্টা চালানোর জবাবেই ইরানের বিরুদ্ধে সর্বশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা, রাডার ও সামুদ্রিক সম্পদসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ইরানের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তার দাবি, ইরান নতুন করে রাডার ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল এবং সেটি প্রায় সম্পন্ন হওয়ার পর্যায়ে পৌঁছালে সেখানে হামলা চালানো হয়।
এর আগে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। ইরান পাল্টা হামলা চালালে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারিও দেন তিনি। মঙ্গলবার রাতে তিনি বলেন, ইরান কোনো চুক্তিতে সই করল কি না, সেটি তার কাছে গুরুত্বপূর্ণ নয়।
এদিকে মার্কিন হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটি।
ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি জর্ডানের দিকে যাওয়ার কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, জর্ডানের আকাবা উপসাগরীয় উপকূলে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে জর্ডান জানিয়েছে, তারা ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং আরও তিনটি জনবসতিহীন এলাকায় পড়েছে।
কুয়েতও জানিয়েছে, ইরানের ড্রোন হামলা তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে। অন্যদিকে বাহরাইনে থাকা মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলার দাবি করেছে ইরান। বাহরাইন অবশ্য জানিয়েছে, সব হামলা প্রতিহত করা হয়েছে।
ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে নতুন করে এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। দীর্ঘ এক মাসের সামরিক বিরতির পর গত রোববার নতুন করে হামলা শুরুর পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।