সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:৫৪ পিএম
মধ্যপ্রাচ্যে সংঘাত উসকে দেওয়া এবং হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু।
মঙ্গলবার পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। দেশটির সরকার বলেছে, শান্তিবাদী অবস্থানের কথা বিবেচনা করেই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার ঘটনায় পেরু গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে ইরান সরকারের আরোপ করা কঠোর বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর কয়েক দিনের মধ্যেই পেরু এ সিদ্ধান্ত নিল। রোববার ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরই মধ্যে হরমুজ প্রণালী ঘিরে নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বেড়েছে।
পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। ২৮ জুলাই দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ উদ্যোগে যোগ দেওয়ার পদক্ষেপ নেন।
এদিকে, পেরুর প্রতিবেশী দেশ চিলিও কয়েক দিন আগে তেহরানে তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। তবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি চিলি। অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় নিয়ে দেশটি সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।