হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৭৯

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ০৪:২৫ পিএম

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৭৯

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ শিশু।

আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে মোট ৯৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!