ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন হামজা দেওয়ান চৌধুরী। ক্লাবটির মূল দলে খেলেছেন টানা ৯ বছর। চলতি গ্রীষ্মের দলবদল শেষ হওয়ার এক দিন আগে শৈশবের ক্লাব ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের এই তারকা। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব থেকে দ্বিতীয় স্তরের ক্লাবে পাড়ি জমিয়েছেন তিনি।
গত সপ্তাহেও হামজার সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ডার্বি কাউন্টির নাম শোনা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই চুক্তি ভেস্তে গেলে শেফিল্ড ইউনাইটেড তাকে দলে ভেড়ায়।
২০২৪-২৫ মৌসুমে শেফিল্ডের হয়ে ধারে খেলেছিলেন হামজা। এরপর গত গ্রীষ্মে লেস্টারে ফিরে যান তিনি। এবার স্থায়ীভাবেই পুরোনো ক্লাব ছেড়ে ব্রামল লেনে ফিরলেন এই মিডফিল্ডার।
লেস্টারের সঙ্গে হামজার চুক্তির মেয়াদ ছিল আর মাত্র এক বছর। ফলে কার্যত ফ্রি ট্রান্সফারেই শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি।
নতুন ক্লাবে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত হামজা। বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। গতবার এখানে থাকাকালে সময়টা দারুণ উপভোগ করেছিলাম। তাই শেষ পর্যন্ত চুক্তিটা সম্পন্ন হওয়ায় আমি খুব খুশি।’
শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে হামজার সম্পর্কও নতুন নয়। ওয়াটফোর্ডে অল্প সময়ের জন্য তার অধীনে কাজ করেছিলেন তিনি। এরপর গত মৌসুমেও শেফিল্ডে ওয়াইল্ডারের সঙ্গে কাজ করার সুযোগ হয় হামজার।
লেস্টার ছেড়ে শেফিল্ডে যোগ দেওয়াকে নিজের ও পরিবারের জন্য বড় পরিবর্তন হিসেবে দেখছেন হামজা। তার কথায়, ‘এটা আমার জন্য বড় পরিবর্তন। আমি প্রায় ২০ বছর লেস্টারে ছিলাম। তাই আমার ও পরিবারের জন্য এটি একটি পরিবর্তন। তবে আমি এটির জন্য সত্যিই অপেক্ষা করছি। আশা করি, এখানে আমাদের দারুণ একটি মৌসুম কাটবে।’
শেফিল্ডে গতবারের সতীর্থদের সঙ্গেও যোগাযোগ ছিল হামজার। তিনি আরও বলেন, ‘আমি সব ছেলেদের সঙ্গেই যোগাযোগ রেখেছি। আমি যখন এখানে ছিলাম, তখন আমাদের দারুণ একটি দল ছিল। গত এক থেকে দেড় বছর আমরা সবাই যোগাযোগ রেখেছি। পরিচিত মুখগুলোকে আবার দেখতে ভালো লাগছে।’
মাত্র সাত বছর বয়সে লেস্টারের একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। দীর্ঘ পথ পেরিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে কারাবাও কাপের ম্যাচে লিভারপুলের বিপক্ষে দলের জয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার।
এর দুই মাস পর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বদলি হিসেবে নেমে প্রিমিয়ার লিগে অভিষেক করেন হামজা। লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৬৫ ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন তিন গোল। ২০২১ সালে লেস্টারের এফএ কাপজয়ী দলেরও সদস্য ছিলেন বাংলাদেশের এই তারকা।