চ্যাম্পিয়নস লিগের ড্র: দেখে নিন কার প্রতিপক্ষ কে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২৬, ১২:৩৫ পিএম

চ্যাম্পিয়নস লিগের ড্র: দেখে নিন কার প্রতিপক্ষ কে

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে হয় বহুল প্রতীক্ষিত এই ড্র।

৩৬ দলের লিগ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পেয়েছে কঠিন প্রতিপক্ষ। ঘরের মাঠে তাদের মুখোমুখি হতে হবে কোচ লুইস এনরিকের সাবেক ক্লাব বার্সেলোনার। এ ছাড়া ম্যানচেস্টার সিটি ও ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলার মাঠেও খেলতে হবে ফরাসি চ্যাম্পিয়নদের। সেস ফেব্রিগাসের কোচিংয়ে খেলা চ্যাম্পিয়নস লিগের নবাগত কোমোর মাঠেও সফর করবে পিএসজি।

২০১৭ সালের মার্চে বার্সেলোনার কাছে ঐতিহাসিক ৬-১ গোলে হারের পর কাতালান ক্লাবটির মাঠে শেষ তিন ম্যাচেই জিতেছে পিএসজি। এর মধ্যে গত অক্টোবরে লিগ পর্বের ম্যাচে ২-১ গোলের জয়ও রয়েছে।

গত আসরের ফাইনালিস্ট আর্সেনালও পেয়েছে কঠিন সূচি। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পাশাপাশি তাদের খেলতে হবে জার্মানির দুই পরাশক্তি বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

দুই বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ পর্বেই তাদের মুখোমুখি হতে হবে বায়ার্ন মিউনিখের। ফলে ১৯৯৯ সালের ঐতিহাসিক ফাইনালের স্মৃতিও ফিরে আসছে।

এদিকে রিয়াল মাদ্রিদে ফিরে কোচের দায়িত্ব নেওয়া হোসে মরিনহো মুখোমুখি হবেন নিজের সাবেক ক্লাব ইন্টার মিলানের। ২০১০ সালে ইন্টারকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন মরিনহো।

রিয়াল মাদ্রিদকে দুটি ম্যাচ খেলতে হবে লন্ডনে—আর্সেনাল ও শাখতার দোনেৎস্কের বিপক্ষে। ইউক্রেনের চ্যাম্পিয়ন শাখতার অবশ্য নিজেদের হোম ম্যাচগুলো খেলবে স্ট্যামফোর্ড ব্রিজে।

বার্সেলোনা ঘরের মাঠে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলাকে। পাশাপাশি কোমোর মাঠে খেলতে হবে তাদের। লিগ পর্বে বার্সেলোনার আরেক প্রতিপক্ষ আজারবাইজানের নবাগত সাবাহ। তাদের বিপক্ষে খেলতে বাকুতে দীর্ঘ সফর করতে হবে কাতালান ক্লাবটিকে।

লিভারপুলের সূচি তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিদায়ক। তবে তাদের ইন্টার মিলান ও ফেনারবাচের মাঠে গিয়ে খেলতে হবে। অ্যাটলেটিকো মাদ্রিদ আবারও অ্যানফিল্ডে আসবে। গত সেপ্টেম্বরে এই মাঠেই লিভারপুল ৩-২ গোলে জয় পেয়েছিল।

অ্যাটলেটিকো মাদ্রিদকে খেলতে হবে নরওয়ের দুটি দলের বিপক্ষে। বোডো/গ্লিমটের কৃত্রিম ঘাসের মাঠে খেলতে আর্কটিক সার্কেলের ভেতরে সফর করতে হবে তাদের। ডর্টমুন্ড, লিল ও নবাগত এলএএসকেকেও এই দুর্গম অঞ্চলে যেতে হবে। এর মধ্যে একটি দলকে জানুয়ারির তীব্র শীতেও সেখানে খেলতে হবে।

চ্যাম্পিয়নস লিগে চার দলের অভিষেক
এবারের চ্যাম্পিয়নস লিগে চারটি নতুন দলের অভিষেক হচ্ছে। দলগুলো হলো ইতালির কোমো, অস্ট্রিয়ার এলএএসকে, নরওয়ের ভাইকিং এবং আজারবাইজানের চ্যাম্পিয়ন সাবাহ।

কোমোকে স্পেনে দুটি ম্যাচ খেলতে হবে—বার্সেলোনা ও রিয়াল বেতিসের বিপক্ষে। নিজেদের মনোরম হ্রদঘেঁষা স্টেডিয়ামে তারা আতিথ্য দেবে পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডকে।

সাবাহর প্রতিপক্ষ ডর্টমুন্ড, নাপোলি ও স্লাভিয়া প্রাহা। আজারবাইজান থেকে তাদের সমর্থকদের ইংল্যান্ডে গিয়ে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দেখতে দুটি দীর্ঘ সফর করতে হবে।

উয়েফার ড্র সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি দলের জন্য আটজন প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ। চারটি ভিন্ন সিডিং পট থেকে দুটি করে প্রতিপক্ষ পেয়েছে প্রতিটি দল। গত পাঁচ বছরের ইউরোপীয় প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাংকিং অনুযায়ী সিডিং নির্ধারণ করা হয়েছে। একই দেশের দুটি দলকে পরস্পরের মুখোমুখি না করার নিয়মও রাখা হয়েছিল।

প্রথম ম্যাচগুলো হবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর। ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম ছয় ম্যাচডে। জানুয়ারিতে আবার শুরু হবে লিগ পর্ব। ২৭ জানুয়ারি হবে অষ্টম ও শেষ ম্যাচডে। প্রতিটি দলের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি শনিবার প্রকাশ করা হবে।

লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি মার্চের শেষ ষোলোতে উঠবে। ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো ফেব্রুয়ারিতে প্লে-অফ নকআউটে খেলবে। সেখান থেকে শেষ ষোলোর বাকি আট দল নির্ধারিত হবে। ২৫ থেকে ৩৬তম স্থানে থাকা দলগুলো প্রতিযোগিতা থেকে বাদ পড়বে।

এবারের আসরের ৩৬টি দল প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ইউরো বা ২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি ভাগ করে নেবে।

পট-১-এর দলগুলোর প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ: ইন্টার মিলান (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), রোমা (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), শাখতার (অ্যাওয়ে), এলএএসকে (হোম), এইকে এথেন্স (অ্যাওয়ে)।

বার্সেলোনা: ম্যানচেস্টার সিটি (হোম), পিএসজি (অ্যাওয়ে), অ্যাস্টন ভিলা (হোম), স্পোর্টিং (অ্যাওয়ে), ফেইনুর্ড (হোম), গালাতাসারায় (অ্যাওয়ে), কোমো (হোম), সাবাহ (অ্যাওয়ে)।

বায়ার্ন মিউনিখ: আর্সেনাল (হোম), অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রিয়াল বেতিস (হোম), ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যাওয়ে), বোডো/গ্লিমট (হোম), লিল (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাহা (হোম), ভাইকিং (অ্যাওয়ে)।

পিএসজি: বার্সেলোনা (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), রোমা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে), গালাতাসারায় (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিস্লাভা (হোম), কোমো (অ্যাওয়ে)।

আর্সেনাল: রিয়াল মাদ্রিদ (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল বেতিস (অ্যাওয়ে), লিল (হোম), নাপোলি (অ্যাওয়ে), সাবাহ (হোম), স্লাভিয়া প্রাহা (অ্যাওয়ে)।

লিভারপুল: অ্যাটলেটিকো মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), পোর্তো (হোম), ক্লাব ব্রুগ (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ফেনারবাচে (অ্যাওয়ে), লেন্স (হোম), এলএএসকে (অ্যাওয়ে)।

ইন্টার মিলান: লিভারপুল (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), ক্লাব ব্রুগ (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), শাখতার (হোম), ফেইনুর্ড (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম), স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)।

অ্যাটলেটিকো মাদ্রিদ: বায়ার্ন মিউনিখ (হোম), লিভারপুল (অ্যাওয়ে), ম্যানচেস্টার ইউনাইটেড (হোম), পিএসভি (অ্যাওয়ে), ফেনারবাচে (হোম), বোডো/গ্লিমট (অ্যাওয়ে), ভাইকিং (হোম), স্টুটগার্ট (অ্যাওয়ে)।

লিগ পর্বের ম্যাচ

  • ম্যাচ ডে ১ : ৮–১০ সেপ্টেম্বর

  • ম্যাচ ডে ২ : ১৩ ও ১৪ অক্টোবর

  • ম্যাচ ডে ৩ : ২০ ও ২১ অক্টোবর

  • ম্যাচ ডে ৪ : ৩ ও ৪ নভেম্বর

  • ম্যাচ ডে ৫ : ২৪ ও ২৫ নভেম্বর

  • ম্যাচ ডে ৬ : ৮ ও ৯ ডিসেম্বর

  • ম্যাচ ডে ৭ : ১৯ ও ২০ জানুয়ারি

  • ম্যাচ ডে ৮ : ২৭ জানুয়ারি

​নকআউট পর্বের ম্যাচ

  • প্লে-অফ : ১৬, ১৭ এবং ২৩, ২৪ ফেব্রুয়ারি

  • শেষ ১৬ : ৯, ১০ এবং ১৬, ১৭ মার্চ

  • কোয়ার্টার ফাইনাল : ৬, ৭ এবং ১৩, ১৪ এপ্রিল

  • সেমিফাইনাল : ২৭, ২৮ এপ্রিল এবং ৪, ৫ মে​

  • ফাইনাল : ৫ জুন

Link copied!