কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২৬, ০৭:১২ পিএম

কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কিশোর আলবার্ট জংয়ের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।

আজ (বুধবার) বিকেলে সমিতিপাড়া সমুদ্র উপকূলে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া এডওয়ার্ড, তাঁর স্ত্রী বেলা এবং ১৩ বছর বয়সী রালফ বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন। মঙ্গলবার স্থানীয় জেলেরা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

নিখোঁজ আলবার্টকে উদ্ধারে মঙ্গলবার রাতেও ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সমুদ্রে অভিযান চালায়। পরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও একটি দ্রুতগামী বোটও উদ্ধার অভিযানে যুক্ত হয়।

মঙ্গলবার সকালে নাজিরারটেক-সোনাদিয়া মোহনা এলাকায় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় তাঁদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় পরিবারের চার সদস্যই পানিতে পড়ে যান। পরে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন আলবার্ট জং। বুধবার বিকেলে সমিতিপাড়া উপকূলে তাঁর মরদেহ ভেসে আসে।

নিউজিল্যান্ড থেকে আসা পর্যটক পরিবারটি দীর্ঘদিন ধরে কক্সবাজারে অবস্থান করছিল। কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, সম্প্রতি তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এর মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

তবে পরিবারটি ঠিক কতদিন ধরে কক্সবাজারে অবস্থান করছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি কক্সবাজার জেলা পুলিশ। জানা গেছে, তাঁরা সমুদ্র উপকূলের কাছাকাছি একটি নৌকায় বসবাস করতেন।

Link copied!