ছবি: সংগৃহীত
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
আজ (বুধবার) বিকেলে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা ছয় বাংলাদেশি বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাজা শেষে বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের দেশে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে তিনজন ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে এবং বাকি তিনজন ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে সাজা ভোগ করেন।
দেশে ফেরা ব্যক্তিরা হলেন—ঢাকার কদমতলী থানার মো. জাকির হোসেনের ছেলে মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার সিরাজ আলীর ছেলে আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের মো. আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ী থানার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. তফিজুল ইসলাম (৪৭), মনিরুল ইসলামের ছেলে মো. রিহাম (১৯) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মামলত হোসেন (৩৪)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।