বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২৬, ০১:১৯ পিএম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার একদিন পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এ তথ্যের মাধ্যমে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার সংক্রান্ত পদক্ষেপের সম্ভাবনা বোঝার চেষ্টা করছেন তারা।

আজ (বুধবার) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪২ দশমিক ৭৪ ডলারে নেমেছে। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম গত মে মাসের মাঝামাঝির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এরও আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় পরিকল্পনার ঘোষণার পর স্বর্ণের দামে উল্লেখযোগ্য উত্থান দেখা যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০০ দশমিক ৭০ ডলারে উঠেছে।

বাজারে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের জুলাই মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় বা পিসিই মূল্যসূচকের দিকে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ এই সূচককে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। বুধবার গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৩০ মিনিটে এ তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া শুক্রবার জ্যাকসন হোল সম্মেলনে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের দিকেও বাজারের নজর থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম হলে এবং ওয়ার্শ সুদ কমানোর পক্ষে নমনীয় বা ভারসাম্যপূর্ণ বার্তা দিলে স্বর্ণের দাম আরও সমর্থন পেতে পারে।

এক্সনেসের আর্থিক বাজার কৌশলবিদ ওয়ায়েল মাকারেম বলেন, মূল্যস্ফীতি কমে আসার পাশাপাশি ফেডের পক্ষ থেকে নমনীয় বার্তা এলে যুক্তরাষ্ট্রের প্রকৃত সুদের হার কমার প্রত্যাশা জোরদার হতে পারে। এতে সুদ না দেওয়া সম্পদ হিসেবে সোনায় বিনিয়োগের সুযোগ-ব্যয় কমবে।

যুক্তরাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়লেও স্বর্ণের চাহিদা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি মার্কিন ট্রেজারির বন্ড পুনঃক্রয় পরিকল্পনার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

এর আগে চলতি মাসে প্রকাশিত তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রে কৃষি খাতের বাইরে কর্মসংস্থান অপ্রত্যাশিতভাবে কমেছে। একই সময়ে ভোক্তা মূল্যস্ফীতির তথ্যও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এর ফলে সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশা কিছুটা কমেছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা বর্তমানে ৬১ দশমিক ৬ শতাংশ।

এদিকে ভূরাজনৈতিক পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে। হরমুজ প্রণালি পরিচালনার বিষয়ে প্রতিবেশী ওমানের সঙ্গে ইরান নতুন করে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের ধাক্কা বৈশ্বিক অর্থনীতি আশঙ্কার তুলনায় ভালোভাবে সামাল দিয়েছে। তবে কয়েকটি দেশের অবনতিশীল আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

রয়টার্সের কারিগরি বিশ্লেষক ওয়াং তাওয়ের মতে, স্পট গোল্ডের দাম আবারও ৪ হাজার ৬৮১ ডলারের প্রতিরোধমাত্রা পরীক্ষা করতে পারে। এই মাত্রা অতিক্রম করলে দাম ৪ হাজার ৭০৭ থেকে ৪ হাজার ৭৪৩ ডলারের মধ্যে উঠতে পারে।

এদিকে রুপার দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ২৬ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬৫ দশমিক ৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

Link copied!