ছবি: সংগৃহীত
নতুন মৌসুমের শুরুতেই রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নেমে একটি গোল করেছেন পর্তুগিজ তারকা। এই গোলের মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
ম্যাচের ৬২ মিনিটে মাঠে নামেন রোনালদো। ততক্ষণে আল নাসর ৩-০ গোলে এগিয়ে ছিল। এরপর ৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন তিনি। আর সেই গোলেই নতুন রেকর্ড নিজের করে নেন ৪১ বছর বয়সী এই তারকা।
এর আগে টানা ২৪ মৌসুমে গোল করার রেকর্ড ছিল সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের দখলে। ১৯৯৯-২০০০ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত প্রতিটি মৌসুমেই গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। এবার তাঁকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিলেন রোনালদো।
ক্যারিয়ারে ১ হাজার গোল করার লক্ষ্য অনেক আগেই জানিয়েছেন রোনালদো। আল রিয়াদের বিপক্ষে করা গোলটি ছিল তাঁর পেশাদার ক্যারিয়ারের ৯৭৭তম গোল। অর্থাৎ বহুল কাঙ্ক্ষিত ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন আর মাত্র ২৩ গোল প্রয়োজন পর্তুগিজ মহাতারকার।