আন্দালিব রহমান পার্থ | ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথম দফা রদবদল হতে যাচ্ছে।
আজ (শুক্রবার) সন্ধ্যার পর বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পরিবর্তন কার্যকর হওয়ার কথা রয়েছে।রয়েছে।
সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। এদিন বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
সম্ভাব্য এই রদবদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। এরপরই মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা। মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা মঈন খান পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
মঈন খান ও আন্দালিব রহমান পার্থ ছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে।
এদিকে, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন বলে জানা গেছে। পাশাপাশি বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন।
এ মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আন্দালিব রহমান পার্থের মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য দলের চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ ফোন পেয়েছেন। দলের চেয়ারম্যান তাকে জানিয়েছেন, তিনি মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, তা জানাতে পারেননি আব্দুল মতিন।
বর্তমান মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন স্বপন। তিনি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। মন্ত্রিসভায় রদবদল হলে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে স্থানান্তর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, `এ বিষয়ে আমরাও বিস্তারিত জানার চেষ্টা করছি। আজকে বিকেল ৪টা বা সাড়ে ৪টার মধ্যে জানতে পারব। আসলে, বিষয়গুলো শেষ মুহূর্তের আগ পর্যন্ত বলা যায় না।`
অন্যদিকে, সাচিং প্রু জেরী বলেন, `আমাকে কল করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। এটুকুই বলতে পারি।`
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।