‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ১২:৩৪ পিএম

‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা | ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে রাষ্ট্রপতি নির্বাচনকে ‍‍`প্রহসনের অংশ‍‍` উল্লেখ করে তিনি এতে ভোট দেননি বলে জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান রুমিন ফারহানা।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার তিনটি কারণ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে অনিশ্চয়তা না থাকলে সেটিকে নির্বাচন বলা যায় না; সেটি মনোনয়ন। সারা দেশের মানুষ আগে থেকেই জানতেন ভোটের ফলাফল কী হবে।

রুমিন ফারহানা বলেন, নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে, তাহলে সেটাকে নির্বাচন বলা যায় না; সেটা মনোনয়ন। সারা বাংলাদেশের সকলেই জানতেন এই ভোটের ফলাফল কী হবে। সুতরাং এটাকে আমি নির্বাচন বলতেই চাই না।

ভোট না দেওয়ার দ্বিতীয় কারণ হিসেবে সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, ৭০ অনুচ্ছেদ ‍‍`অ্যাজ ইট ইজ‍‍` রাখার বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চলছে, যাতে দলের সদস্যরা দলীয় রাজনীতি করলেও প্রয়োজনে স্বাধীনভাবে ভোট দিতে পারেন।

তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যদের বারবার সতর্ক করা হয়েছিল যে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাঁদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তাহলে ৭০ অনুচ্ছেদ নিয়ে বড় বড় কথা কী দরকার ছিল?

তিনি আরও বলেন, ভোট শেষ হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।

রুমিন ফারহানার প্রশ্ন, তাহলে এই ভোটে তাদের সেই অধিকার দেওয়া হলো না কেন?

ভোট না দেওয়ার তৃতীয় কারণ হিসেবে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে সব দলের ঐকমত্যের ভিত্তিতে একজন প্রার্থী মনোনয়নের সুযোগ না থাকার বিষয়টি তুলে ধরেন। তাঁর মতে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়টি ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন এবং বিএনপির ৩১ দফাতেও তা রয়েছে। কিন্তু এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেন তিনি।

সবকিছু বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে রুমিন ফারহানা বলেন, আমরা সকল দল মিলে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারতাম। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যেটা ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন একটা ভারসাম্য আনা হবে। যেটি বিএনপির ৩১ দফাতেও আছে। সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনোরকম কোনো কথা শুনি না। তাই সকলকিছু দেখে আমার মনে হয়েছে আমি এই প্রহসনের অংশ হতে চাচ্ছি না।

Link copied!