রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০২:৪৩ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেওয়া শুরু করেন সংসদ সদস্যরা। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ।

ভোটাভুটিতে অংশ নেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোট দেবেন। তবে এমপি না হওয়ায় অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ নেই।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বলবৎ থাকায় সংসদ সদস্যদের দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি আগে জানিয়েছিলেন, দলের প্রার্থীর বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিল হতে পারে। ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার।

Link copied!