‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’: কী ইঙ্গিত করলেন শাবনূর

শোবিজ ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৩:৪৭ পিএম

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’: কী ইঙ্গিত করলেন শাবনূর

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। নিজের একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন—‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী।’

সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে সাম্প্রতিক নানা আলোচনা এবং শাবনূরকে নিয়ে বিভিন্ন দাবি সামনে আসার সময়েই অভিনেত্রীর এমন রহস্যময় বার্তা নতুন করে কৌতূহল তৈরি করেছে নেটিজেনদের মধ্যে।

তবে পোস্টটিতে শাবনূর কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি। একইভাবে সালমান শাহ হত্যা মামলার প্রসঙ্গও সরাসরি উল্লেখ করেননি তিনি।

উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর সঙ্গে বিভিন্ন সময়ে শাবনূরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এমনকি তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন কেউ কেউ। এর মধ্যেই সালমান শাহ হত্যা মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গণমাধ্যমের কাছে অভিনেতা ডনের আগের দেওয়া জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেন।

জবানবন্দির বরাত দিয়ে পাবলিক প্রসিকিউটর জানান, ঘটনার দিন সালমান শাহর বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তার দাবি, প্রথমে সালমান শাহর নাক-মুখে ক্লোরোফর্ম প্রয়োগ করে তাকে অচেতন করা হয়। পরে অচেতনতা আরও গভীর করতে বিশেষ ইনজেকশন দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।

ওমর ফারুক ফারুকীর ভাষ্য অনুযায়ী, ডন তার জবানবন্দিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়ি নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন।

সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি দীর্ঘদিনের। তার ভক্তদের পাশাপাশি বিভিন্ন মহল থেকেও মামলার আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত সত্য প্রকাশের দাবি উঠেছে।

এসব বিষয়ে বরাবরই নিশ্চুপ ছিলেন শাবনূর। তবে মঙ্গলবার (১৮ আগস্ট) ফেসবুকে দেওয়া ছোট্ট এই বার্তার পর অনেকে এর সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন।

যদিও সালমান শাহ হত্যা মামলার সঙ্গে বিভিন্ন সময়ে শাবনূরের সম্পৃক্ততা খোঁজার চেষ্টা করা হলেও এ বিষয়ে সালমান শাহর মা নীলা চৌধুরীর বক্তব্য ভিন্ন।

নব্বইয়ের দশক থেকেই সালমান শাহ ও শাবনূরকে ঘিরে ‘প্রেমঘটিত’ নানা গুঞ্জন ছিল। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, সালমান শাহকে তিনি ভাইয়ের মতো দেখতেন। সম্প্রতি নীলা চৌধুরীও শাবনূরের এ বক্তব্যকে সমর্থন করে বলেছেন, তার ছেলের সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল না; সালমান তাকে বোনের মতোই দেখতেন।

প্রসঙ্গত, ঢালিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সালমান শাহ ও শাবনূর। ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে তাদের জুটি হিসেবে পথচলা শুরু হয়। এরপর ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ ১৪টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। তাদের জুটির বেশিরভাগ সিনেমাই ব্যবসাসফল হয়েছিল।

Link copied!