আগস্ট ১৯, ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী, সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করতে তার আইনজীবী ও স্বজনেরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।
আজ (বুধবার) সকালে এ তথ্য জানান দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।সলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক নেওয়াজ। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তার মৃত্যু হয়। তার দাফন ও জানাজা কোথায় এবং কখন হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৌফিক নেওয়াজ। এরপর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি থেমে গেলে তাকে নিয়মিত চিকিৎসার মধ্যে রাখতে হয়।
গত ২৭ মে হুইলচেয়ারে করে অসুস্থ তৌফিক নেওয়াজকে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করাতে আদালতে নিয়ে গিয়েছিলেন তার স্বজনেরা।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ পেশাগত জীবনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। আইন পেশার পাশাপাশি ধ্রুপদি সংগীতেও তিনি পারদর্শী ছিলেন।