আগস্ট ১৮, ২০২৬, ০৬:৩৫ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম | ফাইল ছবি
বাংলাদেশে আল কায়েদার সেল গঠন হতে যাচ্ছে—জাতিসংঘের এমন দাবি সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি এ দাবিকে ভিত্তিহীন ও আওয়ামী লীগের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে রোহিঙ্গা ইস্যুতে জান্তা সরকারের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, কূটনৈতিক রীতি-নীতির কারণে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব না করে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে।
রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে ভুল করেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশে আল কায়েদার সেল গঠন হতে যাচ্ছে—জাতিসংঘের এমন দাবির বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকারের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। তাঁর ভাষায়, এটি ভিত্তিহীন এবং আওয়ামী লীগের অপচেষ্টা। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।