জাতীয় দলের ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৪:১০ পিএম

জাতীয় দলের ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে মারামারির ঘটনায় আল-আমিনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিফা। নিষেধাজ্ঞার কারণে ফিফা টায়ার-১ ম্যাচসহ আন্তর্জাতিক ও জাতীয় দলের পরবর্তী ১৫ ম্যাচে খেলতে পারবেন না তিনি। সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় নিষেধাজ্ঞা।

একই ঘটনায় আরেক বাংলাদেশি ফুটবলার মিরাজুলকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গত জুনে মালদ্বীপের ঘরের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে দেশটির খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশি ফুটবলারদের সংঘাত ও মারামারির ঘটনা ঘটে।

এর আগে ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

Link copied!