ছবি: রয়টার্স
বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রবল বিরোধিতা ও বিতর্কের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে ওই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে ফিফা। তবে এতে ইনফান্তিনোকে ঘিরে সমালোচনা থামেনি। বরং অনেকেই মনে করছেন, ফিফা সভাপতির পদ থেকে তাঁর পদত্যাগ করা উচিত।
এমন বিরূপ পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফুটবল ফেডারেশনগুলো ইনফান্তিনোকে সরিয়ে দিলে সেটি ‘ভয়াবহ ভুল’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। একই পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন, ইনফান্তিনোকে ছাড়া ফিফা কখনোই এত সফল বা লাভজনক হবে না।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কোনো কারণে ফিফা যদি সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তাও করে, তাহলে তারা ভয়াবহ ভুল করবে।’
ইনফান্তিনোর প্রশংসা করে ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘তিনি অসাধারণ। তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে। তিনি চলে গেলে ফিফা আর কখনো এত সফল বা লাভজনক হবে না।’
তবে ট্রাম্প যতই ইনফান্তিনোর পাশে দাঁড়ান না কেন, ইতালীয়-সুইস এই আইনজীবীর নেতৃত্ব নিয়ে ফুটবলের প্রভাবশালী কয়েকটি সংস্থা এরই মধ্যে তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ফুটবল কনফেডারেশনগুলো সোমবার এক যৌথ খোলা চিঠিতে ইনফান্তিনোর বিশ্বকাপের বাণিজ্যিক পরিকল্পনার সমালোচনা করেছে। চিঠিতে উয়েফা, কনক্যাকাফ ও এএফসি বলেছে, ‘যখন কোনো ব্যক্তি তাকে দেওয়া দায়িত্বের চেয়ে নিজেকে বড় মনে করেন, তখন সেই দায়িত্ব পরিত্যক্ত হয়।’