ছবি: সংগৃহীত
দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে ভারতের সরকারের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার) নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
রনধীর জয়সওয়াল বলেন, ‘বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হবেন, সেটি বেসরকারি সংস্থার আয়োজন। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এই ফোরামের কোনো বক্তব্য ভারত সরকার সমর্থন করে না।’
এর আগে সোমবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ঢাকার উদ্বেগের কথা তুলে ধরেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে ভারতের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
বৈঠকে তৌহিদ হোসেন ভারতের হাইকমিশনারকে জানান, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তিরা যেন দেশটির ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়েও ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ।
তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
জবাবে ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।