ঢাকায় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৩:৪৯ পিএম

ঢাকায় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

ছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ

ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর। বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। তিন দিনের সফরে অ্যাজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকায় পৌঁছান তিনি।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এক ফেসবুক বার্তায় সার্জিও গরকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।’

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা সার্জিও গর ঢাকায় অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজার যেতে পারেন সার্জিও গর। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সার্জিও গরের এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বিষয়ে মার্কিন প্রশাসনের কাছে একটি স্পষ্ট ধারণা নেওয়া।

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ভালো ছিল এবং বর্তমান সরকারের অধীনে সেই সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গরের এই সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে বলে উভয় দেশই প্রত্যাশা করছে।

চলতি বছরের জানুয়ারিতে সার্জিও গর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপালসহ এ অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।

এর আগে সার্জিও গর নেপাল ও শ্রীলঙ্কা সফর করেছেন।

Link copied!