আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৩:৩৮ পিএম

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন। একই সঙ্গে প্রস্তুত রয়েছে জাতীয় সংসদ সচিবালয়ও। এখন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেই বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে।

আজ (শুক্রবার) এসব বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিকেলের মধ্যেই রাষ্ট্রপতি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন।

বঙ্গভবন সূত্র জানায়, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্পিকার সময় দিলে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হবে। অন্যদিকে, সংসদ সচিবালয়ের আইন শাখা জানিয়েছে, বিকেলের মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে আসতে পারে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে সংসদ সচিবালয়ের আইন শাখা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দেশের প্রথম সারির কয়েকটি পত্রিকাতেও রাষ্ট্রপতির পদত্যাগ করতে যাওয়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এ পরিস্থিতিতে দায়িত্বশীল কর্তৃপক্ষ তাঁর পদত্যাগের সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অবশ্য বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি কিছু জানেন না।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে অস্থায়ীভাবে স্পিকার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন। সংবিধান অনুযায়ী সংসদকেই রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়।

Link copied!