আর্জেন্টিনা দলকে সম্মান জানাতে জাতীয় ছুটির ঘোষণা প্রেসিডেন্টের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৯:৪৩ এএম

আর্জেন্টিনা দলকে সম্মান জানাতে জাতীয় ছুটির ঘোষণা প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি জানিয়েছেন, দলের দেশে ফেরার দিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে।

ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিলেই লেখেন, “খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়েছে তারা। আর্জেন্টিনা সবসময়ই সেরাদের কাতারে থাকবে।”

পরে স্থানীয় সংবাদমাধ্যম রেডিও মিত্রে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপ রানার্সআপ হওয়া কোনো ব্যর্থতা নয়। তাঁর ভাষায়, “এই দলটি অসাধারণ একটি শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছে। এখন হয়তো তাদের জন্য সময়টা কঠিন, কিন্তু আবেগ কেটে গেলে তারা বুঝতে পারবে কত বড় অর্জন করেছে।”

একই সঙ্গে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, জাতীয় দলের দেশে ফেরার দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হবে, যাতে দেশের মানুষ খেলোয়াড় ও কোচিং স্টাফকে সংবর্ধনা জানাতে পারেন।

তবে ছুটি সোমবার হবে নাকি মঙ্গলবার, তা এখনো চূড়ান্ত হয়নি। দলটি দেশে ফেরার পর খেলোয়াড়দের পরিকল্পনার সঙ্গে মিল রেখে দিনটি নির্ধারণ করা হবে।

এদিকে জাতীয় দলের সংবর্ধনার বিষয়টি বিবেচনায় রেখে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও কয়েকটি নির্ধারিত কার্যক্রম স্থগিত করেছে। এর মধ্যে এস্তুদিয়ান্তে ও ইন্দিপেনদিয়েন্তে রিভাদাভিয়ার মধ্যকার আর্জেন্টাইন সুপার কাপ ম্যাচও রয়েছে।

Link copied!