দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। সেখানে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৯৮ শিশু এবং হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৪৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯২২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৭৮ শিশুর।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৭ হাজার ৫৩২ শিশু।