ট্রাম্পের সঙ্গে বৈঠকে ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী, আলোচনায় ইরান ইস্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০২:৩৩ পিএম

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী, আলোচনায় ইরান ইস্যু

ছবি: সংগৃহীত

ইরানের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন সফরে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। মঙ্গলবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দায়িত্ব নেওয়ার পর এটিই জাইদির প্রথম আন্তর্জাতিক সফর। এক সপ্তাহের এই সফরে তিনি ট্রাম্প ছাড়াও মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন তেল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। দুই দেশেরই গুরুত্বপূর্ণ অংশীদার ইরাক দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের প্রতিদ্বন্দ্বিতার প্রভাব মোকাবিলা করে আসছে।

প্রধানমন্ত্রী জাইদি চলতি বছর ট্রাম্পের সমর্থনে ক্ষমতায় আসেন। দায়িত্ব গ্রহণের পর তিনি ইরাকের অর্থনীতি পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার অঙ্গীকার করেন।

সফরের আগে ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক নিবন্ধে জাইদি বলেন, তার সরকার রাষ্ট্রের হাতে বৈধভাবে শক্তি প্রয়োগের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মতে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিরস্ত্র হওয়ার সময়সীমা দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জঙ্গিবিরোধী জোটের মিশনও শেষ হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইরাকি রাজনীতিক এএফপিকে বলেন, বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী হলেও, এর অর্থ এই নয় যে ইরাক ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। বরং দুই মিত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখাই বাগদাদের প্রধান কূটনৈতিক চ্যালেঞ্জ।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তার জানাজা উপলক্ষে ইরাকের বিভিন্ন পবিত্র শিয়া শহরে বড় ধরনের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Link copied!