ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বার ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৭৫ জন। তাদের মধ্যে অন্তত ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে রাজধানীর রং বিয়ার না লাট ফ্রাও বার ও রেস্তোরাঁয় লাইভ মিউজিক চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা মানুষ প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। এ সময় কয়েকজনের শরীরে আগুন লেগে যায়।
সোমবার ভোরে ২৭ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও কয়েকজনের মৃত্যু হলে মঙ্গলবার সকালে ব্যাংককের চাতুচাক জেলা প্রশাসন জানায়, প্রাণহানির সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে।
মঙ্গলবার নিহতদের স্বজনরা পুলিশ জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত ও গ্রহণ করেন। এএফপির এক প্রতিবেদক জানান, সেখানে শোকাহত স্বজনদের অনেকেই মরদেহের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করেন। তবে নিহত তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ব্যাংককের গভর্নর চাডচার্ট সিট্টিপান্ট জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অধিকাংশ মানুষ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন।
অগ্নিকাণ্ডের কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্তে বৈদ্যুতিক ত্রুটি, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি বহির্গমন পথ ব্যবহারযোগ্য ছিল কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন লাগার আগে ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এরপর বিস্ফোরণের মতো শব্দের সঙ্গে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স এবং সেখানে লাইভ মিউজিক আয়োজনের অনুমতি ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।