বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৫:০৫ পিএম

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার।

আজ (মঙ্গলবার) দুপুরে সিলেট সার্কিট হাউজে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক।

মন্ত্রী বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে।

এবারের প্রক্রিয়ায় মালয়েশিয়া নয়, বাংলাদেশই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। ফলে সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার এবং রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকদের সতর্কবার্তা, স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে জনশক্তি রফতানিতে আবারও ধাক্কা আসতে পারে।

এর আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। পরে ২০১৬ সালে তা পুনরায় চালু হলেও, একই ধরনের অভিযোগের কারণে ২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া আবারও বন্ধ করে দেয় দেশটি।

পরবর্তীতে ২০২২ সালের আগস্ট থেকে আবারও বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়া শুরু হয়। তবে ২০২৪ সালের ১ জুন দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় বন্ধ করে দেয়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন শর্ত শিথিলের বিষয়ে আলোচনা চলতে থাকে।

এদিকে, ২০২৪ সালে মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বোয়েসেলকে। এখন পর্যন্ত তাদের মধ্যে প্রায় ৩ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন। বাকি কর্মীদের বিষয়েও দ্রুত পৃথক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরেও দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা দ্রুত কাটিয়ে শ্রমবাজার আবারও চালুর ঘোষণা এলো।

Link copied!