ছবি: সংগৃহীত
কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবনভিত্তিক বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সারা অর্জুন। সম্প্রতি এ খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছেন এই তরুণ অভিনেত্রী। আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বলিউডে তাকে নিয়ে আগ্রহ বাড়ছিল। এবার মধুবালার মতো অমর নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
বিনোদন জগতে সারার পথচলা অবশ্য বেশ পুরোনো। মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবিয়া থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর তামিল, তেলেগু ও হিন্দি—তিন ভাষার সিনেমাতেই নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী।
মধুবালার জীবন নিয়ে বায়োপিক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সঞ্জয় লীলা বানসালি। মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ করার পরই মধুবালাকে নিয়ে নির্মিতব্য সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামসে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। বর্তমানে একই লোকেশনে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শেষ গানের শুটিং করছেন বানসালি। আগামী সপ্তাহের মধ্যেই সেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
মধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন নির্মাতা জসমিত কে. রিন। জানা গেছে, সারা অর্জুন ইতোমধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। মধুবালার ব্যক্তিত্ব, অঙ্গভঙ্গি এবং তিনি যে সময় ও সামাজিক পরিবেশে বেড়ে উঠেছিলেন, সেসব বিষয় যথাযথভাবে পর্দায় তুলে ধরতে চান জসমিত।
১৮ জুন ২০০৫ সালে জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তিনি অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। মাত্র ১৮ মাস বয়সেই টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন সারা। পাঁচ বছর বয়সের মধ্যেই ভারতের অন্যতম পরিচিত শিশুশিল্পী হিসেবে নিজের জায়গা তৈরি করেন তিনি। এ সময় শতাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
মধুবালার মতো ঐতিহাসিক এক চরিত্রে সারার অভিনয় তাই তার দীর্ঘ অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।