আগস্ট ১৬, ২০২৬, ০৩:৪১ পিএম
শেখ হাসিনা | ফাইল ছবি
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা। আজ (রোববার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অনুরোধ দেশটির বিচার বিভাগের সামনে উপস্থাপন করতে হবে এবং প্রত্যর্পণের বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবে।
ভারতের এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের আদালতই নেবে, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। আদালতের প্রক্রিয়ায় যা প্রতিষ্ঠা করতে হবে তা হলো, যে অপরাধগুলো সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেগুলো ভারতীয় আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না।
আরেক ভারতীয় কর্মকর্তা বলেন, শেখ হাসিনা নিজেই জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ছাত্র–জনতার ওপর গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এরই মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।