আগস্ট ১৬, ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা এএমএম নাসির উদ্দিন এ সিদ্ধান্ত জানান।
মির্জা ফখরুলের মনোনয়নপত্র যাচাইয়ের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে দলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি মহাসচিবের মনোনয়নপত্র সঠিক বলে গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে অলি আহমদের পক্ষে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। পরে তারা জানায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, গত ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই প্রার্থীর পক্ষে মোট তিনটি মনোনয়নপত্র দাখিল করা হয়। এর মধ্যে মির্জা ফখরুলের পক্ষে একটি এবং অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা পড়ে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এর আগে জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র পাওয়া গেছে। যাচাই-বাছাইয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দুজনের নামই চূড়ান্ত হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।