এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ০৯:৪২ এএম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শনিবার এ তথ্য জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

অনলাইনে ফল দেখতে পরীক্ষার্থীদের eduboardresults.gov.bd  অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

এসএমএসে এসএসসি পরীক্ষার ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে 16140 অথবা 16222 নম্বরে পাঠাতে হবে। 

যেমন: SSC DHA 123456 2026।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য এসএমএসের নিয়ম হলো DAKHIL MAD রোল নম্বর 2026 লিখে 16222** নম্বরে পাঠানো।

আগে প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC রোল নম্বর 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ফলাফল শিট বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নার থেকে EIIN নম্বর ব্যবহার করে সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি ফলাফল দেওয়া হবে না।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
 

Link copied!