আগস্ট ৮, ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি : সংগৃহীত
বরিশালের গৌরনদীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাহিন মৃধা নামে এক যুবক আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার বিকেল থেকে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। শাহিন মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাদের ভাষ্য।
স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে মাহিলাড়া ইউনিয়নের একটি বসতঘর থেকে এক যুবকের সঙ্গে ওই নারীকে আটক করেন শাহিন ও তাঁর কয়েকজন সহযোগী। এরপর ওই নারীকে হেনস্তা করার পাশাপাশি তাঁর পোশাক খুলে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে বিবস্ত্র অবস্থায় দেখা যায়। এ সময় একজন তাঁর শরীর থেকে পোশাক সরিয়ে ভিডিও ধারণ করছিলেন এবং তাঁকে হেনস্তা করা হচ্ছিল। তবে ভিডিওটি ঠিক কোথায় এবং কী পরিস্থিতিতে ধারণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শাহিন এলাকায় নেই বলে স্থানীয়রা জানান। তাঁর মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে গৌরনদী উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন বলেন, শাহিন মৃধা সংগঠনের কোনো পদে নেই। তবে তিনি দলের সক্রিয় কর্মী। ঘটনাটি জানার পর বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ করলে ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা ক্ষুণ্ন করে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায়ও উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওটি আরও ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।