আগস্ট ৮, ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি : সংগৃহীত
দিল্লিতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার মতো বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়—এটা একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চায় সরকার। এ বিষয়ে তদন্ত চলছে এবং শিগগিরই এর ফল পাওয়া যাবে। একই সঙ্গে ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও তার সহযোগীদের অন্যায়েরও বিচার করা হবে।
তিনি বলেন, ‘চেতনা বিক্রির রাজনীতি’ দেশবাসী দেখেছে এবং দেশে এ ধরনের রাজনীতির আর সুযোগ হবে না। যারা জনগণের আকাঙ্ক্ষা ও চেতনাকে পুঁজি করে রাজনীতি করছে, তারাই ফ্যাসিবাদকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ভারত যদি শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে তা সম্ভব নয়। দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার মতো বক্তব্য দিচ্ছেন এবং ভারত তাকে সেই সুযোগ দিচ্ছে—অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও বলছে। দুই ধরনের অবস্থান একসঙ্গে চলতে পারে না।