আগস্ট ১, ২০২৬, ০২:০৬ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরলে তার বিরুদ্ধে থাকা ফাঁসির রায় কার্যকর করা হবে।
শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও শেখ হাসিনা পা রাখলে তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির আদেশ কার্যকর করা হবে।”
বক্তব্যে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ওই আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ, মুগ্ধসহ শত শত মানুষের আত্মত্যাগ ভুলে যাওয়ার সুযোগ নেই। তাদের মৃত্যুর জন্য তৎকালীন সরকার দায়ী বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্র সংস্কার ইস্যুতেও কথা বলেন এনসিপির এই নেতা। তার দাবি, জনগণ সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। সেই জনমত উপেক্ষা করলে বিএনপিকে রাজনৈতিক মূল্য দিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি বিভিন্ন সরকারি সুবিধা সাধারণ মানুষের পরিবর্তে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের হাতে চলে যাচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজার এবং চীন সফর নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।
সমাবেশে উপস্থিত এনসিপির অন্য নেতারাও বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে দখল, টেন্ডার ও চাঁদাবাজির অভিযোগ তুলে এসব কর্মকাণ্ড বন্ধে দলটির শীর্ষ নেতৃত্বের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।