ছবি: সংগৃহীত
রাজধানীর সবজির বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বেশির ভাগ সবজির দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। পাশাপাশি পেঁয়াজ, মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এ চিত্র দেখা গেছে।
বাজারে কাঁচা মরিচ কেজিপ্রতি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম কেজিতে ১২০ থেকে ১৮০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে। করলার দাম ১০০ থেকে ১৪০ টাকা। এছাড়া পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা মানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা এবং আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকায় পৌঁছেছে। এ ছাড়া কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক হালি লেবু ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা কেজিপ্রতি ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২২০ টাকা। কাঁচা কলা হালি ৪০ থেকে ৫০ টাকা, চালকুমড়া প্রতিটি ৬০ থেকে ৮০ টাকা এবং কেপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাকের আঁটি ১০ টাকা বেড়ে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাউ শাকের আঁটি ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতি কেজি চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, ওজনভেদে রুই ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আকারভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে রূপচাঁদা, বড় আকারের শোল এবং নদীর বেলে মাছ কিনতে গেলে ক্রেতাদের এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে। অন্যদিকে, ৩০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পোলট্রির বাজারে সোনালি মুরগি কেজিপ্রতি ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
ডিমের বাজারে এক ডজন লাল মুরগির ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম এক ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।